ফরিদগঞ্জে হত্যা মামলার আসামিসহ আটক ৮ জন

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে হত্যা মামলার আসামিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের আটক করতে সমর্থ হয়।
জানা গেছে, রোববার রাতে থানা পুলিশ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুম প্রকাশ রঞ্জন প্রকাশ রমজান আলীকে আটক করে। এছাড়া উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. জলিল (২২), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশি থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন মিজি (৩৪), মো. রাশেদুজ্জামান (২৭), মো. আহছান পাটোয়ারী (২৬), মো. সুমন (৩৫) ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকা থেকে চুরির মামলার আসামি কামাল হোসেন সর্দার (৩৬) কে আটক করে।
অন্যদিকে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকা থেকে নিয়মিত মামলায় মামলার সন্দিগ্ধ আসামি রুবেল (২৯) কে আটক করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছেন। ওই অভিযানের অংশ হিসেবেই এই আটক। এই অভিযান অব্যাহত থাকবে।

১৩ জুলাই, ২০২১।