চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৩৭ পরিবার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া আটক ব্যাটারিচালিত ইজিবাইক ৭৯জন, সিএনজি চালিত অটোরিকশা চালক ৩৫জন, ‘৩৩৩’ নম্বরে আবেদকারী ২০জন ও ৩জন রিকশা চালকসহ ১৩৭ জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে কর্মহীন এসব লোকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।
এসময় উপস্থিত কর্মহীন লোকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় আপনাদের যানবাহনগুলো আটক করা হয়েছে। কিন্তু আমরা জানি আপনারা দিন এনে দিন খান। লকডাউনের মধ্যে আপনারা কষ্টে আছেন। যে কদিন আপনাদের গাড়ি এখানে আটক রয়েছে, সেই ক’দিন যাতে খাবারে কষ্ট না পান সে কথা বিবেচনা করে আপনাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহারের ব্যবস্থা করা হয়েছে। লকডাউন শিথিল হলে আপনাদের গাড়িগুলো ছেড়ে দেয়া হবে।
তিনি বলেন, চাঁদপুরের করোনা পরিস্থিতি ভাল নেই। প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছে। আজও সরকারি-বেসরকারি হিসেবে ৭জন মৃত্যুবরণ করেছেন। যারাই মৃত্যুবরণ করছেন তারা আমার আপনাদেরই স্বজন। আমাদের দু’জন অতিরিক্ত জেলা প্রশাসক স্বপরিবারে এবং দু’জন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত। এছাড়া আমাদের অফিসের অনেক স্টাফ করোনায় আক্রান্ত হয়ে আছেন। আপনাদের ভাল রাখার জন্য আমাদের মাঠে থাকতে হচ্ছে, যার কারণে আমাদের লোকজনও আক্রান্ত হচ্ছে। আমরা চাই সবাই সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবে।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক স্বেচ্ছাসেবক দল প্রধান ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান প্রমুখ।
০২ আগস্ট, ২০২১।