ভূমিখাত কার্যক্রমে সনাকের ভার্চুয়াল মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি
চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস-এ প্রতিপাদ্য নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সাথে চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের ‘করোনাকালীন সংকট মোকাবেলায় ভূমিখাতে কার্যক্রম : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। সনাকের সহ-সভাপতি ডা. পীযূষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সনাক-টিআইবি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করে। সনাক-টিআইবি’র সব কাজে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসে যদি কেউ হয়রাণীর শিকার হয় বা কোন অনিয়ম দেখতে পান তাহলে সরাসরি আমাকে জানাবেন। এ বিষয়টি আমি সার্বিকভাবে খেয়াল রাখবো।
তিনি আরও বলেন, ভূমি উন্নয়ন কর অনলাইন করার জন্য সরকার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়টি সম্পর্কে আরও বেশি সচেতনতা বাড়াতে ও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তিনি সনাকের সহযোগিতা কামনা করেন। অনলাইন করতে হলে প্রত্যেক জমির মালিককে এনআইডি, খতিয়ান ও মোবাইল নম্বর অবশ্যই সাথে আনতে হবে। ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ে গেলে ভূমি রেজিস্ট্রেশন করা যাবে। তিনি আরও বলেন, খাজনাও এখন অনলাইনে হচ্ছে। আপনারা কেউ দালালের খপ্পরে পরে প্রতারিত হবেন না।
টিআইবি-সনাক সম্পর্কিত আলোচনা, ভূমি কর্তৃপক্ষের সাথে সনাকের সহযোগিতামূলক কার্যক্রম, করোনাকালীন সংকট মোকাবেলায় ভূমিখাতে কার্যক্রম : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মুক্ত আলোচনা সহ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সনাক-এর সহ-সভাপতি অধ্যপিকা সবিতা বিশ^াস ও টিআাইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ গাজী, মোঃ দিদার আহমেদ ও ইয়েস গ্রুপের দলনেতা অনয় দেবনাথ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, সনাক চাঁদপুরের সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের দলনেতা ও সহ-দলনেতাবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ।
১৫ সেপ্টেম্বর, ২০২১।