যথাযোগ্য মর্যাদায় মতলব মুক্ত দিবস উদযাপন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মতলব মুক্ত দিবসের সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিজয় ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মতলব নিউ হোস্টেল মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দীপ্ত বাংলা’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মতলব বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় ভবনে এসে শেষ হয়।
পরে বিজয় ভবনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা শাহআলম, প্রকৌশলী জসীমউদ্দীন, মুক্তিযোদ্ধার সন্তান ও কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ।
স্মৃতিচারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার এবং গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিভূতিভূষণ সরকার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুন্সিরহাট কলেজের প্রভাষক জসিম উদ্দিন মৃধা। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

০৫ ডিসেম্বর, ২০২১।