ফরিদগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফরিদগঞ্জ ব্যুরো
সারাদেশে ১ কোটি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো ফরিদগঞ্জেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি।
উপজেলার বালিথুবা পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়নে গত রোববার ঘুরে দেখা গেছে সাধারণ মানুষ আগ্রহের সাথে লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য কিনছেন। এদিকে বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টিসিবি’র কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সুসম্মত রাখতে থানা পুলিশের টিম ওই ইউনিয়নে অবস্থান করতে দেখা গেছে।
ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভর্তুকি মূল্যে সারা দেশে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে।
বিক্রিকৃত টিসিবি’র পণ্যের মধ্যে রয়েছে- চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। এই কার্যক্রমের আওতায় একজন উপকারভোগী ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল ভর্তুকি মূল্যে (৪৬০) টাকা মূল্যে পাওয়া যাবে।
এদিকে টিসিবি পণ্য বিক্রির স্থান নজরদারিতে রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারসহ টিসিবি’র সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২১ মার্চ, ২০২২।