সজীব খান
চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থান পরিদর্শন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৪টায় বাগাদী ইউনিয়নের নানুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন তিনি।
আগামিকাল শনিবার (২ এপ্রিল) জেলা বিএনপির সম্মেলনে স্থান কোথায় হবে- এ নিয়ে সর্বত্র আলোচনা থাকলেও বৃহস্পতিবার জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে গেলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কেটে যায়। বিএনপির সম্মেলনের স্থানে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ মাঠ ও মঞ্চ তৈরির বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা বিএনপি ৭ বছরের আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক বিলুপ্ত ঘটবে। আর সব (৮ উপজেলা ও ৭ পৌরসভা) পর্যায়ের ইউনিট কমিটির কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হবে বলে জেলা বিএনপি জানিয়েছে।
ইতোমধ্যে জেলা সম্মেলনকে সফল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্বকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করছে জেলা বিএনপি। সে মোতাবেক নির্বাচন কমিশন সম্ভাব্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। প্রার্থীরা নিজদের যোগ্যতা প্রমাণে কাউন্সিলরদের কাছে দৌঁড়-ঝাঁপ অব্যাহত রাখছেন।
সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সব ইউনিট হতে মোট ১ হাজার ৫শ’ ১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সভাপতি পদে বর্তমান আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাবেক জেলা সভাপতি ইঞ্জি. মমিনুল হক ও সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাক পদে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, কাজী গোলাম মোস্তফা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
পরিদর্শনের সময় জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০১ এপ্রিল, ২০২২।
