মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার বদরপুরে হযরত শাহ্ সোলায়মান লেংটা (রহ.) এর ১০৩তম বার্ষিক ওরশ ও বাউল মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সোলায়মান লেংটার মাজারসহ আশপাশের এলাকা ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই মেলা চলে ৭ দিন পর্যন্ত। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকান আসতে শুরু করেছে মেলায়।
প্রতি বছরের মতো ওরশ উপলক্ষে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে গ্রামীণ মেলা, বাউল মেলা ও ভক্ত আশেকানদের আস্তানা বসেছে।
১৩২১ বাংলা সালে সোলায়মান লেংটার মৃত্যুর পরে প্রতি বছর ১৭ চৈত্র থেকে ওরশ পালন করে আসছে ভক্তরা। গত ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর কারণে মেলা বন্ধ ছিল। দুই বছর পর এবার মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। মেলায় ছোট বড় প্রায় ৫ শতাধিক বাউল আস্তানায় দেশের বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন। গত ১ চৈত্র ওরশটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
ওরশের প্রথম দিন থেকে মিলাদ মাহফিল, জিকির, শামা ও কাওয়ালি গান গেয়ে ভক্তরা আগামী ৭ দিন এলাকা মাতিয়ে রাখবেন। এ বিষয়ে শাহ্ সোলায়মান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান (লাল মিয়া) বলেন, প্রতি বছরের মতো এবারো সারাদেশ থেকে প্রায় ৩০-৪০ লাখ ভক্ত আশেকান এ ওরশে যোগদান করবেন এবং যথাযথ মর্যাদায় এবার ওরশ পালন করা হবে।
মেলার আইন-শৃঙ্খলা বিষয়ে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও কমিউনিটি এবং বিশেষ পরিস্থিতির জন্য রিজার্ভসহ প্রায় ২০০ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর থাকবে।
০১ এপ্রিল, ২০২২।
