ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক পুকুরে

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রডবোঝাই ট্রাক পুকুরে উল্টে পড়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালক সহিদ মোল্লাকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ঢাকা মেট্রো-ট-২৪-০৪৪২ ট্রাকটি চট্টগ্রাম থেকে রড নিয়ে চাঁদপুর যাচ্ছিল। পথিমধ্যে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় চালক সহিদ মোল্লা ট্রাকের মধ্যে আটকা পড়েন। তার সহযোগী সাব্বির মোল্লা ট্রাকের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আসেন। স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় চালক সহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে খবর পেয়ে চাঁদপুর সদর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল ও ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ট্রাকের চালককে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার ফলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ২ ঘণ্টা যাবৎ যান চলাচলের বিঘœ ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার আব্দুর রহিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালককে উদ্ধার করেছি।

০১ এপ্রিল, ২০২২।