আটক ৩, আহত ১৫, ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হরিণায় সোলেমান দর্জি (৪০) নামের এক জেলে আটক করেছে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ি। এতে জেলেদের সাথে এলাকাবাসী যোগ হয়ে নৌ পুলিশের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাঝ নদী থেকে ইলিশ মাছসহ এক জেলেকে আটক করে নৌ ফাঁড়ির পুলিশ। পরে আসামিকে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয় একটি মহল নৌ-পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।
আহতরা হলেনঃ হরিণা পুলিশ ফাঁড়ির এসআই বাবুল বালা, ফখরুল, কনস্টেবল যোবায়ের, হানারচর ইউপি সদস্য আবুল বাশার, স্থানীয় শাহজালাল, তামিম, আলাউদ্দিন, ইসমাইল, কাউছার ও সোহাগ।
আটকরা হলেনঃ সলেমান দর্জি (৩৫), সফিক হাওলাদার (৩২) ও মো. সোহাগ খান (২৪)।
এদিকে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ি ঘেরাও নিয়ে স্থানীয়রা জানান, দাদনের ৫ লাখ টাকা নিয়ে ট্রলার চালক সোলেমান এলাকাতে আসার সময় তার থেকে ৫ লাখ ছিনিয়ে নেয় হরিনাঘাট নৌ পুলিশ। শুধু তাই নয় তাকে ব্যাপক মারধরও করা হয়েছে। এরসাথে নিরপরাধ দোকানদার সোহাগসহ আরও একজনকে জেলে সাজিয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তসাপেক্ষে নৌ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে উর্ধ্বতনের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থার কথা জানিয়ে হরিণাঘাট নৌ-পুলিশের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে ইলিশ মাছসহ ১ জেলেকে আটক করি। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয় একটি মহল ফাঁড়ি ঘেরাও করে হামলা চালিয়েছে। আমরা ২ রাউন্ড গুলি ছুঁড়েছি। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহায়তায় ৫ জন কে আটক করা হয়। ৫ লাখ টাকার কথা নেওয়ার কথাটি তিনি জানেন না বলে মন্তব্য করেন।
১৮ অক্টোবর, ২০২২।
