মতলব উত্তরে জগন্নাথ ধামে হরিনাম মহাযজ্ঞ

আ.লীগের আমলেই মসজিদ-মন্দির সংস্কার হয়েছে
…..পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে ২৭তম জগন্নাথ ধামে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের তিতারকান্দিতে ২৭তম জগন্নাথ ধামে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
মন্দিরের পরিচালনাকারী হরিপদো গোস্বামীর সভাপতিত্বে এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাশের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাশ, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, অধ্যক্ষ পুলিন সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এএসপি (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, মতলব দক্ষিণ থানার ওসি সাইদুল ইসলামসহ হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখনই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, উন্নয়ন সবই হয়। স্বাধীনতা আন্দোলনে আমাদের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কাজেই এই দেশ গড়তে তাদের অনন্য ভূমিকা রয়েছে। কাজেই রাষ্ট্রটা আমাদের সবার।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলেই মসজিদ-মন্দির সংস্কার হয়েছে। আপনাদের অভিভাবক শেখ হাসিনা, আর সেই শেখ হাসিনাই এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। তাই আপনাদের ভয় পাবার কিছু নাই। আমাদের শুধু সজাগ থাকতে হবে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে।
তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শুধু মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও উন্নয়ন-অগ্রগতিরই প্রতীক নন, একই সঙ্গে তিনি অসাম্প্রদায়িক চেতনারও মূর্ত প্রতীক।
তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক দেশ গঠন করতে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে হত্যার পর একটি গোষ্ঠী দেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করেছিল। ‘তারা দেশের ভেতর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঢেলে দিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে পুনরায় দেশে অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনেন।

১৬ ডিসেম্বর, ২০২২।