সজীব খান
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০) ও চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৩৫)। আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মো. জাহিদ হোসেন (২২)।
স্থানীয়রা জানায়, সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। ঘটনাস্থল বোগদাদ বাসটি মহামায়া চাঁদপুরগামী সিএনজি ঘোষেরহাট জামে মসজিদের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ওভারটেক করে যাওয়ার পথে বোগদাদ বাসের সাথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত যাত্রী চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত যাত্রীদের মরদেহ এখনো ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও বাস ঘটনাস্থলে। ঘটনার পর বাস ও অটোরিকশার চালক পালিয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, সকাল ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় আগে থেকে থেমে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৩জন নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস, সিএনজি ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩।
