ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকানের ব্যবসায়ী ও দোকান মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। উপজেলার চর-দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পিরোজপুর বাজারে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জাা যায়, পিরোজপুর বাজারে মো. বাহার উদ্দিনের টিন সেড বিল্ডিংয়ের দোকান ঘরটি দুবাই ফেরত মো. শাহীন পাটওয়ারী ভাড়া নিয়ে পাটওয়ারী ফ্যাশন নামে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিদেশে রুটি রোজগারের সম্পূর্ণ টাকা ও বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে দোকানটিতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকানের মালিক ও কর্মচারীরা। রাতে ফোনের মাধ্যমে খবর পেয়ে তিনি বাজারে এসে দেখেন সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহীন পাটওয়ারী বলেন, আমার দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। তাছাড়া যেদিন অগ্নিকা-ের ঘটনা ঘটে, তার আগেরদিন আমি ঢাকা থেকে ঈদের মোকাম করে আসছি। রাত সোয়া ১টা নাগাদ মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার তিলতিল করে জমানো স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। কারণ আমার দোকানের বৈদ্যুতিক মেইন সুইচটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
দোকান ঘরের মালিক মো. বাহার উদ্দিন বলেন, আমি ঢাকায় ছিলাম। অনেক কষ্ট করে এ দোকানঘরটি করেছি। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি টিম অগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা সঠিকভাবে বলতে পারব না।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
১১ এপ্রিল, ২০২৩।
