স্টাফ রিপোর্টার
চাঁদপুর বলগেটে ওয়ালিংয়ের কাজ করতে গিয়ে রাজন (৩০) নামের এক ওয়ালিং শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর শহরের ঢালিরঘাট এলাকায় সেলিম ডকইয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় মিল্লাত হোসেন (২৮) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাজন লক্ষ¥ীপুর জেলার কমলনগর থানার মাওলানা পাড়া গ্রামের শাহজান মিয়ার ছেলে।
নিহতের সাথে থাকা বাল্কহেডের সুকানি ইমন ও আরেক শ্রমিক আব্দুর রহিম জানান, গত ১০ দিন আগে তারা লক্ষ¥ীপুর জেলা থেকে হানিফ মালের একটি বোর্ডে রিপারিং এবং ওয়ালিংয়ের কাজ করার জন্য ঢালীর ঘাট সেলিম ডকইয়ার্ডে আসেন। গত ১০ দিন ধরে তারা সেখানে বাল্কহেডের মেরামত কাজ করছিলেন।
গতকাল সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে রাজন হাওলাদার পানিতে নেমে বাল্কহেডের পাখার নাট লাগাচ্ছিল। এসময় বাল্কহেডটিতে ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করার জন্য বিদ্যুতের সংযোগ দিলে রাজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়।
এসময় শ্রমিকরা পানি থেকে রাজনকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। এসময় একই সাথে মিল্লাত সামে আরো এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাল্কহেডের সুকানি ইমন ও স্টাফ আব্দুর রহিম আরো জানায়, সোমবার সকালে সেলিম বেপারীর ডকইয়ার্ডে কাজ করতে গেলে ওয়েলডিং মেশিন থেকে বার-বার বিদ্যুত শট হয়ে যেতো। মালিক পক্ষকে মেশিন পাল্টানোর জন্য বার-বার বলা হলেও সেলিম বেপারীর ছোট ভাই তাজুল ইসলাম বেপারী ও সেলিম বেপারীর বড় ছেলে মিলন হোসেন বাবু বেপারী কোনো গুরুত্ব দেয়নি।
স্থানীয়রা জানায়, সেলিম বেপারীর ডকইয়ার্ডে পিডিবির একটি অবৈধ বিদ্যুত লাইন রয়েছে। এ অবৈধ বিদ্যুতের তারেই বাল্কহেড শ্রমিক রাজন হাওলাদারের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. সেলিম উল্যাহ হাসপাতাল থেকে রাজনের মরদেহ উদ্ধার করে সূরতহাল শেষে থানায় নিয়ে যায়।
১৬ মে, ২০২৩।
