ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আদিল মোহাম্মদ সোহান (৮) নামের এক শিশুর মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে (১৯ মে) পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামে ওই শিশুর বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমি থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় তার মরহেদ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
সরেজমিনে তথ্যনুসন্ধানে জানা যায়, সোমবার সোহান প্রতিদিনের মতো মাগরিবের নামাজ পড়তে যায় বাড়ির সামনে একটি মসজিদে। নামাজ শেষে সময় মতো বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশি, স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় জিডি (১০৬৪, তাং-১৬/০৫/২৩) করেন।
পরবর্তীতে শুক্রবার সকালে বাড়ির বৃদ্ধা নারী রেনু বেগম (৭০) বাড়ির পাশের একটি গাবগাছ থেকে গাব সংগ্রহ করতে গেলে তিনি দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাছি দেখে চিৎকার করে। এসময় প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ সোহানের বাবা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোহান প্রতিদিনই বাড়ির সামনে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্তু শুক্রবার সে ফিরলো লাশ হয়ে। সোহানের মা নিজ সন্তানের মরদেহ উদ্ধার সংবাদ পেয়েই চিৎকার দিয়ে হাউমাউ করে কাদছে আর ছেলেকে হত্যার বিচার প্রার্থনা করছে।
বিষয়ে নিয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২১ মে, ২০২৩।
