মোহাম্মদ হাবীব উল্যাহ্
৮ ডিসেম্বর’৭১ হাজীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থল গিয়ে শেষ হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবু তাহেরের সভাপতিত্বে হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেনমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ব্রিটিশ ও গীতা থেকে পাঠ করেন মুক্তিযোদ্ধা রতন লাল চক্রবর্তী।
সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব সৈয়দ আহম্মদ মজুমদার।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম বুলবুলের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল আহসান নয়ন, রবিউল আউয়াল বিপ্লব প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
০৯ ডিসেম্বর, ২০২৩।
