ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

অসহায় শীতার্তের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত
……..পুলিশ সুপার সাইফুল ইসলাম

ফরিদগঞ্জ ব্যুরো
কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈতপ্রবাহ গত কয়েকদিন ধরে দারিদ্র্যপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলছে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রোববার (২১ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। থানা চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছে তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত। শীত নিবারণে গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুঃস্থ ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদেরও তীব্র এই শীতের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। কারণ বিপদে মানুষের পাশে দাঁড়ালে, মহান আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়। বাংলাদেশ পুলিশের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুনাক সভাপতি নূরজাহান বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ (অপরাধ) রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, নৌ পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার শ্রীমা চাকমা, ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।
এর আগে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে দ্বাদশ সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয় থানা চত্বরে। ওই অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার। এসময় তিনি জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

২২ জানুয়ারি, ২০২৪।