আমির হোসেন :
চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্র-ছাত্রীদের বাস ভাড়া অর্ধেক করার দাবি নিয়ে কচুয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে কচুয়ায় পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে প্রায় ২ ঘণ্টাব্যাপী ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। এই মানববন্ধনের ফলে কালীয়াপাড়া, সাচার ও গোরিপুর সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। ফলে দূর-দূরান্তের যাত্রীরা গন্তব্যস্থলে যেতে দুর্ভোগ পোহাতে হয়।
সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ৭ম পর্বের ছাত্র রায়হান, ৫ম পর্বের ছাত্র ইফতি ও ইসমাইল দাবিগুলো জানান। তাহলো- প্রতিনিয়ত আমাদের কলেজের সামনে দিয়ে গাড়ি অনেক দ্রুত চলে, এখানকার কোন ছাত্র-ছাত্রীদের গাড়িতে উঠায় না, ছাত্রছাত্রীদের সাথে গাড়ি ভাড়া নিয়ে খারাপ আচরণ করে। যোগাযোগমন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া, সেটাও আমরা পাই না। ছাত্র-ছাত্রীদের গাড়িতে উঠলে ধাক্কা মেরে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। তাই আমাদের ছাত্রছাত্রীদের দাবি- অর্ধেক ভাড়া নিয়ে কলেজ গেটে বাস থামানো।
মানববন্ধন চলাকালে পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল এমএ নাজমুল হুদা ও পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল প্রধান বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে নেতৃবৃন্দ জানায়, আপনাদের দাবির প্রেক্ষিতে অচিরেই ব্যবস্থা নেয়া হবে। এতে আশ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন প্রত্যাহার করে।
শান্তিপূর্ণ এ মানববন্ধন চলাকালে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবীর ঘটনাস্থলে অবস্থান করেন।
উল্লেখ্য, পলিটেকনিক গেটে বাস থামানো এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার দাবি তারা দীর্ঘদিন যাবৎ করে আসছিল।
