আজ চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত পরিষদের শপথ

এস এম সোহেল
চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বেলা ১২টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবনির্বাচিত চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটোয়ারীসহ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত ৮জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। শপথ গ্রহনের পূর্বে ১২ নভেম্বর ৫৯ চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের কাকরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে করোনা ভাইরাসের নমুনা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।
পরদিন ১৩ নভেম্বর নমুনা রিপোর্ট সংগ্রহ করে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দাখিল করার জন্য অনুরোধ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসব আদেশ জারি করা হয়।
গত ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন আলহাজ ওচমান গণি পাটওয়ারী। এছাড়া ৮জন সাধারণ সদস্য ও ৩জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।
শপথ নিবেন যারা: চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী। সাধারণ সদস্য ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর উপজেলা) মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ড (হাইমচর উপজেলা) খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড (ফরিদগঞ্জ উপজেলা) আলী আক্কাছ, ৪নং ওয়ার্ড (মতলব দক্ষিণ উপজেলা) মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) মো. আলাউদ্দিন সরকার. ৬নং ওয়ার্ড (কচুয়া উপজেলা) তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ উপজেলা) মো. বিল্লাল হোসেন ও ৮নং ওয়ার্ড (শাহরাস্তি উপজেলা) মো. জাকির হোসেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য ১নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ ও হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া) তাছলিমা আক্তার ও ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী।

১৪ নভেম্বর, ২০২২।