আজ চাঁদপুরের ৪০ গ্রামে আগাম ঈদুল আজহা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
শুক্রবার (৮ জুলাই) সৌদিআরবে পবিত্র হজ পালিত হয়েছে। আজ শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হবে মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। সেই সাথে চাঁদপুরের ৪০ গ্রামেও পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ অনুসারীরা।
এদিন সকালে সাদ্রা ঈদগাঁ মাঠে ঈদের জামায়াতের ইমামতি করবেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাও. মুফতি জাকারিয়া আল মাদানী। এছাড়া অন্যান্য মসজিদে ঈদের জামাতে মেঝো হুজুর মাও. আবু বকর মো. ইসমাইল, সেজো হুজুর মাও. আবুল খায়েরসহ সব সাহেবজাদারা অংশ নেবেন।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাও. মোহাম্মদ ইসহাক সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহা পালন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের ৪০ গ্রামের মানুষ রোজা ও আগাম ঈদ পালন করে আসছেন।
তবে এ বছর সাদ্রা দরবার শরীফের অনুসারীরা দুই ভাগে ঈদ করেছেন। তাদের মধ্যে দুই পক্ষই বলছেন, সৌদিআরব নয়, তারা চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করে থাকেন।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ উপজেলার বলাখাল, দক্ষিণ বলাখাল, নিলাম বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলিপুর, উচ্চঙ্গা, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট।
মতলব উপজেলার মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির কয়েক গ্রামসহ চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে মাও. ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।
এ বিষয়ে সাদ্রা দরবার শরীফের বর্তমান পীরের ছেলে সাহেবজাদা ড. বাকী বিল্লাহ্ মিশকাত চৌধুরী বলেন, সৌদিআরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকি। এসময় তিনি জানান, আগামিকাল পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

০৯ জুলাই, ২০২২।