চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তীব্র দাবদাহের কারণে বিদ্যুৎ বিভ্রাট মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে……জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ইদানীং বিদ্যুতের সমস্যা একটু বেশি হচ্ছে। সারাদেশে তীব্র দাবদাহের কারণে এ বিদ্যুৎ সমস্যা। বিদ্যুৎ নিয়ে আমার কাছেও অভিযোগ আছে। সারাদেশের সব বাসায়ই এখন লাইট, ফ্যান ও এসি চলছে। যার একদম পুরো চাপটি দেশের জাতীয় গ্রিডে গিয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের সহনশীলতার পরিচয় দিতে হবে। বিদ্যুৎ অফিসেরও সহনশীল করার জন্যে অনুরোধ করা হচ্ছে। ইফতার, সাহরি, তারাবিহ নামাজের সময়টার দিকে একটু খেয়াল রাখা দরকার।
রোববার (১৬ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তাল গাছ লাগানোর জন্যে। তবে এ তাল গাছের জন্যে যদি কোনো প্রকল্প নষ্ট হয় তাহলে সে তাল গাছ কেটে ফেলতে হবে। বড় রকমের যদি কোনো সমস্যা হয় তাল গাছের জন্যে তাহলে তা কেটে ফেললে কোনো সমস্যা নেই। তিনি বলেন, ফরিদগঞ্জের সামনের রাস্তাটি খুব ব্যস্ত রাস্তা। ঝুঁকি কমানোর ক্ষেত্রে কিছু সংস্কার করা দরকার। এক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিটা বেশ কিছুটা কমে যাবে। আউশ মৌসুমে যেন পানির কোনো সঙ্কট না হয়, সেক্ষেত্রে আমাদের আগাম প্রস্তুতি থাকতে হবে। অন্য কোনো কারণে আবাদ যেন ব্যাহত না হয়। শুধু মসজিদের ইমাম সাহেবই নয়, সবাইকে মোবাইল হ্যাকারদের ব্যাপারে সচেতন করতে হবে। যেন নিজের বিকাশ নম্বরের ওটিপি কাউকে না দেয়া হয়। যেকোনো উন্নয়নমূলক কর্মকা- জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট সবাইকেও জানাতে হবে।
জেলা প্রশাসক জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গে বলেন, বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্সে যদি সরকারি কর্মচারীদের কষ্ট পেতে হয় তাহলে সাধারণ মানুষদের কী হবে। এক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

১৭ এপ্রিল, ২০২৩।