চাঁদপুর মাজহারুল হক চক্ষু হাসপাতালের এনসিবিপি প্রকল্প চুক্তি সম্পন্ন

অরবিস ইন্টারন্যাশনালের সাথে

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশে চক্ষু চিকিৎসায় সহায়তাকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম বিদেশী সাহায্য সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরের মধ্যে ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস পোগ্রাম (এনসিবিপি) বাস্তবায়নের লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর প্রকল্প চুিক্ত স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ডাইরেক্টর অব প্রোগ্রামস মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট ডা. মো. লুৎফুল হুসেন, সিনিয়র ম্যানেজার-ফিন্যান্স এন্ড অপারেশনস নাজনীন বাশার চেীধুরী এবং ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রোগ্রামের ম্যানেজার মাহসিনা আফরোজসহ অরবিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন অবৈতনিক সাধারণ সম্পাদক এম.এ মাসুদ ভূঁইয়া, চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ এবং ম্যানেজার এডমিনিষ্ট্রেশন শামীম খান।
সভায় বিগত ৩ বছরে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বাস্তবায়িত এনসিবিপি প্রকল্পের কার্যক্রম প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সভায় হাসপাতালের বর্তমান প্রকল্প ব্যবস্থাপনা, কার্যপরিধি, চিকিৎসা সেবার ধরন এবং সেবার মান বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং এই ধারা অব্যহত রাখার জন্য ঐ প্রকল্পের মেয়াদ আরো ১ বছর বাড়ানো হয়।
প্রকল্প চুক্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি এই প্রকল্পের মাধ্যমে বিশেষায়িত শিশু চক্ষু চিকিৎসা সেবা প্রদানে তার অভিন্ন লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। অরবিসের পক্ষ থেকে কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ এই হাসপাতালে সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ করে অনুর্ধ্ব ১৬ বছরের শিশুদের জন্যে অরবিসের মাধ্যমে কাজ করার সুযোগ করে দেয়ায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সব সদস্যসহ জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি ভবিষ্যতে এই হাসপাতালে অধিকতর প্রকল্প গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের সাধারণ সম্পাদক এম. এ মাসুদ ভূঁইয়া হাসপাতালের কার্যনির্বাহী পরিষদ, সাধারণ পরিষদ এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অরবিস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য মহান আল্লাহর রহমত ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এনসিবিপি প্রকল্পের মাধ্যমে হাসপাতালে বিশেষায়িত শিশু চক্ষু চিকিৎসা সেবা, স্কুল সাইট টেস্টিং পোগ্রাম, শিক্ষক-শিক্ষিকা ও সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ভিশন সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের প্রান্তিক জনগণকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং চক্ষু স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, সভা-সেমিনার, পোস্টার, ফেস্টুন এবং দৃষ্টি দিবস, আন্তর্জাতিক নারী দিবস, প্রতিবন্ধী দিবস ইত্যাদি উদযাপন করা হয়ে থাকে।