সৎকার করলো ইসলামী আন্দোলন টিম
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় সনাতন ধর্মের এক ব্যক্তির মৃত্যুতে মহাশশ্মানে শবদাহ সম্পন্ন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক টিম। গতকাল মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টায় এ শবদাহের কাজটি করা হয়।
জানা যায়, হাইমচর উপজেলার উত্তর আলগী কমলাপুর গ্রামের দাস বাড়ির বীরেশ্বর দাসের ছেলে সমীর চন্দ্র দাস (৪২) মঙ্গলবার দুপুর ১টায় সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তাকে ওইদিন সকাল ১০টায় চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় সমীর চন্দ্র দাস মারা যায়।
তার মেজ ভাই রবি চন্দ্র দাস জানান, ঈদের আগে থেকে সমীর চন্দ্র দাস অসুস্থ ছিল। সে আলগী বাজারে কাপড় ইস্ত্রির কাজ করতো। তার ১ মেয়ে ও ২ ছেলে ছিলো।
চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ইয়াসিন রাসেদ সানী জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে আমাদের খবর দেয়া হলে আমরা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে মৃত ব্যক্তির মরদেহ তার ভাই রবি চন্দ্রের কথামতো চাঁদপুর মহাশশ্মানে নিয়ে আসি। শশ্মানের কাজে নিয়োজিত ব্যক্তিদের সাথে নিয়ে আমরা এই প্রথম করোনা উপসর্গ নিয়ে মৃত সনাতন ধর্মের ব্যক্তির সৎকার সম্পন্ন করলাম। মোট ২৫টি মরদেহের মধ্যে এই একটি সনাতন ধর্মের শবদাহ কাজ করা হয়। বাকি ২৪টির দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ, সেক্রেটারি মাও. মেহেদী হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়কারী আনোয়ার আল নোমান, ইমরান হোসাইন প্রমুখ।
৩ জুন, ২০২০।
