স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এবছর প্রতিপদ্য বিষয় ছিলো ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়নে’। এ উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা হল রুমে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং তা বাস্তবায়ন করতে হলে সমবায় হচ্ছে একটি অন্যতম মাধ্যম। সমবায়ের অনেকেই ঋণ নিয়ে উপকৃত হচ্ছেন, অনেক বেকার যুবকরাও স্বাবলম্বী হচ্ছে।
তিনি আরো বলেন, ঋণ দেয়া-নেয়া নিয়েও অনেক সময় সমবায়দের সমস্যায় পড়তে হয়। ঋণ নিয়ে অনেকেই উধাও হয়ে যায়। সে সমস্যাগুলো নিজেরাই মিটানোর চেষ্টা করবেন। তবে সমবায় সমিতির রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি। এটা কমাতে হবে, সুদের হার কমাতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ মুজিব উর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন ও জেলা সমবায় অফিসের পরিদর্শক অমল চন্দ্র দের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ইউসিডিএ’র সভাপতি আলী এরশাদ মিয়াজী, আল করীম ডেভেলপমেন্ট সমবায় সমিতির সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, যুবধারা কো-অপারেটিভ সোসাইটির সভাপতি জুলহাস মিয়া।
আলোচনা সভা শেষে ৩টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে ৩টি সমবায় সমিতি ও ১ জন সমবায়ীকে পুরস্কার এবং ১২ জন উদ্যমী সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
০৬ নভেম্বর, ২০২২।
