চাঁদপুরের শিপিং ব্যবসায়ী হাজি সাইদুর রহমান প্রধানিয়ার ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের শিপিং ব্যবসায়ী হাজি সাইদুর রহমান প্রধানিয়া ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে হাজি সাইদুর রহমান প্রধানিয়া স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন তিনি শহরের সরকারি মহিলা কলেজ রোডে বসবাস করতেন।

বৃহস্পতিবার বাদ আসর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে মাদ্রাসা রোড কবরস্থানে দাফন করা হয়।

হাজি সাইদুর রহমান প্রধানিয়া ব্যক্তি এবং কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে পথ চলেছেন। তিনি চাঁদপুরের সুনামধন্য শিল্প ও সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি ও লেখক রেজাউল আহসানের বাবা।

এদিকে হাজি সাইদুর রহমান প্রধানিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সাহিত্য মঞ্চ পরিবার। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এবং কবি ও গল্পকার আশিক বিন রহিম জানান, আমরা তরুণ কবি ও লেখক এবং সাহিত্য মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল আহসানের বাবার মৃত্যুতে গভীর দুঃখ এবং শোক প্রকাশ করছি। এমন অপ্রত্যাশিত দুঃসংবাদে সাহিত্য মঞ্চ পরিবার ভীষণ শোকাহত ও বেদনাবোধ করছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্ মরহুমকে জান্নাত দান করুন। পাশাপাশি শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।

২০ জুলাই, ২০২০।