জাতি গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা অপরিসীম : ত্রাণমন্ত্রী

মতলব উত্তরে শিল্পকলা একাডেমী উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মনিরুল ইসলাম মনির : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, দেশ-কাল-সংস্কৃতি ভেদে শিল্পীর স্বরূপ ও কর্মকা- ভিন্নতর হতে পারে। তবে শিল্পের নান্দনিকতা ও আবেদন সীমাহীন এবং চিরন্তন। বৈশ্বিক মাত্রায় উত্তরণের পাশাপাশি নিজেদের শিল্পকর্মে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরতে শিল্পীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতলব উত্তর উপজেলার গজরা বাজারে নির্মিত শিল্পকলা একাডেমী উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী মায়া বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, বুদ্ধিবৃত্তিক চর্চা ও প্রগতিশীল সমাজ নির্মাণেও শিল্প-সংস্কৃতি অন্যতম প্রধান হাতিয়ার। একটি জাতির তরুণ ও যুবসমাজের মাঝে শৃঙ্খলা, জাতীয়তাবোধ, দেশপ্রেমের চেতনা বিকাশসহ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য জাগিয়ে তুুলতে সাংস্কৃতিক কর্মকা-ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে-দেশে, মানুষে-মানুষে মৈত্রীর বন্ধন ও সম্পর্কের উন্নয়নে শিল্পকলার অবদান ব্যাপক। শিল্পকলা একটি দেশ ও জাতিকে বিশ্ব মানচিত্রে গৌরব ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে।
মন্ত্রী বলেন, জাতি গঠনেও শিল্প-সংস্কৃতির ভূমিকা অপরিসীম। বাঙালি জাতির অর্জনের পেছনে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের রয়েছে অসামান্য অবদান। মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এ দেশের শিল্পী সমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জাতির যে কোন প্রয়োজনে বা সংকটময় মুহূর্তে সংস্কৃতিকর্মীরা সবসময় সাহসী ভূমিকা পালন করেছে। অর্জন করেছে দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রাণমন্ত্রীর সহধর্মিণী পারভীন চৌধুরী রিনা, আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান ও গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হানিফ দর্জি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউপি’র স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান হাজি সামছুল হক চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. খুরশীদ, সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করে।