মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশঁগাও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের সাথে সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।
হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় মো. সোহেল মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক একটি সামাজিক ব্যাধী। এটা রোধ করতে তোমাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবার পাশে আছি।
সাইবার অপরাধ বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে মানুষের সঠিক ব্যবহার বা প্রয়োগের উপর। তোমরা সচেতনতার সাথে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার বা ইলেক্ট্রনিক ডিভাইসসমূহ ব্যবহার করবে এবং প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে।
এসময় সামাজিক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক ও শিক্ষকদর অনুরোধ করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে সচেতনামূলক সভায় আরো বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৫ জুন, ২০২২।
