না ফেরার দেশে প্রাবন্ধিক ও কলামিস্ট মাহমুদুল বাসার

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
না ফেরার দেশে চলে গেলেন প্রাবন্ধিক ও কলামিস্ট অধ্যাপক মাহমুদুল বাসার। গত সোমবার দিবাগত রাতে ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্য আজগর আলীর স্ত্রী মুঠোফোনে জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে মারা যান। গতকাল মঙ্গলবার বিকালে জানাজা শেষে রাজধানীর বিক্রমপুর এলাকার মরহুমের শ্বশুরালয়ের কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক মাহমুদুল বাসার জীবদ্দশায় হাজীগঞ্জ উপজেলার নাসির কোর্ট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা অন্যতম উপদেষ্টা, অন্বেষা’র প্রতিষ্ঠাতা সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাষ্ট্র এবং সাহিত্য নিয়ে দশটিরও বেশি বই লিখেছেন। নিয়মিত জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় কলাম ও প্রবন্ধ লিখতেন তিনি।
একজন দেশপ্রেমিকের মৃত্যুতে শোক জানিয়েছেন হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। উল্লেখ্য, মরহুমের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। তিনি পেশাগত কারণে হাজীগঞ্জ উপজেলায় স্ব-পরিবারে বসবাস করতেন।