ফরিদগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত, আহত ৩

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে জহিরুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার যাত্রী ইসমাইল (৫৬) ও মো. আলী (৫৫) ও সিএনজি অটোরিক্সা চালকসহ ৩ জন আহত হন।
অপরদিকে, একই সড়কের ধানুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার পুকুরে পড়ে গেলেও সেখানে কেউ আহত হয়নি। গতকাল সোমবার সকালে উপজেলার চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বড়ালি, চতুরা ও ধানুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সোমবার ভোরে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চতুরা এলাকায় একটি দ্রুতগামী একটি পিকআপ রাস্তার পাশের পথচারী জহিরুল ইসলামকে চাপা দেয়। আশপাশের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে বড়ালি এলাকায় সকালে সাড়ে ৬টার দিকে একটি দ্রুতগামী পিকআপ বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ ৩জন আহত হয়। আহতদের মধ্যে পার্শ^বর্তী রায়পুর উপজেলার ইসমাইল (৫৬) ও মো. আলী (৫৫) নামে দুইজন ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। তবে আহত সিএনজি অটোরিক্সা চালকের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া সকাল সোয়া ৮টায় একই সড়কের ধানুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার পুকুরে পড়ে যায়। তবে সেখানে কেউ আহত হয়নি। সংবাদ পেয়ে পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
৯ ডিসেম্বর, ২০২০।