সজীব খান
‘হাজীগঞ্জ উপজেলার বাকিলায় প্রভাবশালীদের পেটে যাচ্ছে সওজের খাল’ এ নিয়ে দৈনিক ইল্শেপাড়ে সংবাদ প্রকাশের পর দেরিতে হলেও অবশেষে সড়ক বিভাজ অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে। বুধবার (৮ জুন) সওজ বিভাগ তাদের রিরুদ্ধে নোটিশ প্রদান করে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারের পশ্চিম পাশে সড়ক বিভাগের খাল দুটি অংশেই ভরাট করার মহোৎসব চলছে। কয়েক হাজার একর ফসলী জমির পানি নিষ্কাশন বন্ধ করে তারা তাদের স্বার্থের জন্য সওজের খাল ভরাট করছে। সড়ক বিভাগের কোন প্রকার অনুমতি ছাড়াই নিজেদের ইচ্ছেমত গায়ের জোরে খাল ভরাট করার প্রতিযোগিতায় তারা নামে।
জানা যায়, বাকিলার ফুলছোঁয়া, গোগরা, স্বর্ণাসহ আশপাশের কায়েকটি এলাকার শত শত একর জমির পানি নিষ্কাশনের একমাত্র পথটি একদিক বন্ধ করেন বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, বাকিলা স্কুলের শিক্ষক মজিব মাস্টার ও মোস্তফাসহ বেশ কয়েকজন। তারা বাকিলা বাজারের পশ্চিম পাশে জমি ক্রয় করে হাউজিং ব্যবসা করার জন্য সওজের খাল ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করছেন।
সড়ক বিভাগের সার্ভেয়ার মারুফ হেসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। খালটি অবমুক্ত করার জন্য তাদের নোটিশ প্রদান করেছি। তারা বিষয়টি না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বাকিলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, খালটি ভরাট না করার জন্য আমি কয়েকবার তাদের বলেছি। এ খালটি ভরাটের কারণে বাকিলার উত্তর পাশের কয়েক শতাধিক জমির পানি নিস্বাশনের মারাত্মক প্রতিবন্ধকতার কবলে পড়তে হবে। অন্যায়ভাবে কোন কিছুই হওয়া উচিৎ নয়।
এ বিষয়ে অভিযুক্ত কারো কোন বক্তব্য পাওয়া যায়নি। সরজমিনে গেলে কেউ’ই তাদের সঠিক ঠিকানা দেয়নি।
সওজের অবৈধভাবে দখলকৃত সব খালগুলো দখলমুক্ত করার জন্য ভুক্তভোগীরা প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন।
০৯ জুন, ২০২২।
