মতলব উত্তরে ৩ বসতঘর ভস্মীভূত: আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়লো ৩টি বসতঘর। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। আগুন লাগার খবরে আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে বিধানের ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
পরে পাশের ঘর তার ভাই সুমন সরকার ও বোন আলো রানীর ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সুমন সরকারের ছেলে শ্রীকান্ত আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে কিছু লোক দৌঁড়ে আত্মরক্ষার চেষ্টা করে। পাশের বাড়ির মৃত কানাই শীলের স্ত্রী হরিদাসী (৯৫) ভয়ে দৌঁড়ে পালাবার সময় রাস্তা থেকে পরে পানিতে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
বিধানের স্ত্রী কানন বালা বলেন, আমরা পাশের ঘরে বসে টিভি দেখছিলাম। এমন সময় সুমনের ছেলে শ্রীকান্ত আগুন বলে চিৎকার দেয়। বেরিয়ে দেখি আগুন দাও দাও করে মুহূর্তের মধ্যে ৩ টি ঘরে লেগে যায়। আগুনের তাপে ঘরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন পুড়ে আমার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুমন সরকার বলেন, আমার ঘরে থাকা ফ্রিজ, আলমারি ও আসবাবপত্রসহ ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আলো রানী বলেন, স্বামীর অথ্যাচার সহ্য করতে না পেরে ২ সন্তান নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। আগুন আমার সেই আশ্রয়টুকু কেড়ে নিয়েছে। আমি এখন নিঃস্ব। আমার ঘরসহ ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ খবর শুনে স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রধান ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

১৫ নভেম্বর, ২০২২।