মতলব দক্ষিণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচনে নিয়োগপ্রাপ্ত ভোট কর্মকর্তাদের ভোটগ্রহণের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার মতলব সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি চলে। উপজেলা নির্বাচন কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন এ নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটকেন্দ্রে ৫৭টি।
জানা গেছে, এসব ভোটকেন্দ্রে ভোট নেওয়ার জন্য আজ ৬৫ জন প্রিসাইডিং, ৩শ’ ৯৭ জন সহকারী প্রিসাইডিং এবং ৭শ’ ৯৪ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। মোট প্রশিক্ষণ দেয়া হয় ১ হাজার ২শ’ ৫৬ ভোট কর্মকর্তাকে।
প্রশিক্ষণ কর্মশালায় ভোট কর্মকর্তাদের ভোটগ্রহণের নানা দিক ও বিষয় নিয়ে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঞা প্রমুখ।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মতলব দক্ষিণের ইউএনও মো. শাহিদুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক ভোট কর্মকর্তাকে দিক-নির্দেশনা দেয়া হয়।