মোজাম্মেল প্রধান হাসিব
পিঁয়াজের ঝাঁজ কমতে না কমতেই নিত্যপ্রয়োজনীয় আরেক পণ্য লবণের দাম বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে মতলবের বিভিন্ন হাট-বাজারে। এমন গুজবে সাধারণ ক্রেতা লবণ কিনতে হুমড়ি খেয়ে পড়েন মুদি দোকানগুলোতে। একদিন আগেও এসিআই, স্কয়ারসহ বিভিন্ন লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লবণ যেখানে বিক্রি হতো ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে। সেখানে গুজবের কারণে লবণের দাম বেড়ে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ নারায়ণপুর বাজারের বিভিন্ন দোকান ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
খবর নিয়ে জানা গেছে, পাইকারী মোকামে লবণের দাম বাড়েনি। পর্যাপ্ত মজুদ রয়েছে। নারায়ণপুর বাজারের পাইকারী বিক্রেতা মনির স্টোরের ছেলে ফারহান ও আবুল খায়ের স্টোরের ছেলে মো. সোহেল প্রধান জানান, পাইকারী বাজারে লবণের দাম বেড়েছে, এমন কোন তথ্য আমাদের কাছে নেই। তবে একটি চক্র গুজব ছড়িয়ে এমন ঘটনা ঘটিয়েছে। তবে আমরা দাম বাড়িয়ে বিক্রি করছি না। আগের দামেই বিক্রি করছি। এ ব্যাপারে কথা হয় একাধিক ক্রেতার সাথে। তারা জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে নোটিশ ছাড়া বেড়ে যায় তাতে আমরা সাধারণ ক্রেতারা আতঙ্কিত। দাম বাড়ার যত মাশুল সব আমাদের ঘাম ঝড়ানো টাকার উপর দিয়ে যায়। পিঁয়াজ নিয়ে তুঘলকি কান্ড হলো। এখন আবার লবণ নিয়ে যে কিছু হবে না তার কোন গ্যারান্টি নেই। তাই নির্ধারিত দামের চেয়ে ১৫ থেকে ২০ টাকা বেশি দিয়ে প্রতি কেজি লবণ কিনে নিলাম।
এদিকে সকাল থেকে এমন গুজবে একজন ক্রেতা প্রয়োজনের তুলনায় ৮ থেকে ১০ গুণ বেশি লবণ কিনেন। অর্থাৎ একজন ক্রেতা ১০ থেকে ১৫ প্যাকেট করে লবণ কিনেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, লবণের দাম বেড়েছে এমন খবর গুজব। গুজবে কেউ কান দিবেন না। বেশি দামে লবণ বিক্রি এবং প্রয়োজনের বেশি মজুদ করতে দেখলে থানায় খবর দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিভিন্ন হাট-বাজারে পুলিশের মনিটরিং টিম পাঠানো হয়েছে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে লবণের বাজারে আগুন!
Post navigation
