মনিরুল ইসলাম মনির
লবণের দাম বেড়েছে এমন গুজবে মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারে পড়েছে লবণ বিক্রির হিড়িক। ‘লবণের দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজি লবণ ১শ’ থেকে ১শ’ ২০ টাকায় বিক্রি হচ্ছে’ এমন গুজবে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাজারের বিভিন্ন দোকানে ভিড় করে লবণ কিনেন সাধারণ ক্রেতারা। গুজবে বিভ্রান্ত হয়ে বেশি মুনাফার লোভে বাজারের কয়েকটি দোকানে লবণ বিক্রি বন্ধ করে দিয়েছে বলেও জানিছেন স্থানীয় সচেতন মহল। এতে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছেংগারচর বাজারের জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী জানান, লবণের দাম বেড়েছে এমন খবরে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা তার দোকানে লবণ কিনতে ভিড় করেছেন। আগের দাম অনুযায়ী লবণ বিক্রি করেছেন বলে একদিনে এতো বেশি পরিমাণ লবণ বিক্রি করেছেন যা দুই থেকে তিন সপ্তাহেও বিক্রি করা যেতো না।
জিয়া নামে আরেক ব্যবসায়ী বলেন, সকাল থেকেই লবণের বিক্রি বেড়ে গেছে। লবণের জন্য ডিলারের সাথে যোগাযোগ করে লবণ আনা হয়েছে ক্রেতাদের চাহিদা মেটাতে।
সফিক নামের এক ক্রেতা জানান, লোকের মুখে শুনেছেন লবণের দাম প্রতি কেজিতে বেড়ে ১শ’ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির খবর শুনে সন্ধ্যা বেলা বাজারে গিয়ে ৫ কেজি লবণ কিনেছেন। নাইম, শিখা আক্তার, নারায়ণ শীল, দীলিপ শীল, শ্যামল বাড়ৈ, শাওন, বাশারসহ একাধিক ক্রেতারা জানান, লোকের মুখে শুনেছেন লবণের দাম বেড়েছে। তাই পেঁয়াজের মতো করে লবণের জন্য যাতে ঝামেলা পোহাতে না হয় তাই আগেভাগেই লবণ কিনে নিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, লবণের দাম বৃদ্ধির গুজবে বাজারের কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী ইতোমধ্যে লবণ বিক্রি বন্ধ করে দিয়েছেন। তাছাড়া গুজবে বিভ্রান্ত হয়ে ক্রেতারা যখন লবণ কিনতে বাজারে এসেছেন অধিকাংশ দোকানী চড়া দামে লবণ বিক্রি করার লোভে ক্রেতাদের কাছে ২ কেজির বেশি লবণ বিক্রি করেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, একটি বিশেষ কুচক্রি মহল লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গুজবে কান না দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরের বাজারে লঙ্কাকাণ্ড!
