শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ২


নোমান হোসেন আখন্দ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচৌ পাটোয়ারী বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানায়, ৩ মোটরসাইকেল আরোহী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া থেকে খাজুরিয়া পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে থাকা পিলারের সাথে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কবির হোসেন (২০) নিহত হয়। নিহত কবির হোসেনের বাড়ি কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের সর্দার বাড়ি। এছাড়া আরোহী মিজানুর রহমান (২৮) গুরুতর আহত হন। তাকে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে মুমুর্ষ অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অপর মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত মিজানুর রহমানের বাড়ি একই উপজেলার আশরাফপুর গ্রামের
কুমারবাড়ী। খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে আসেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় ১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।