চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সভা

বাড়ি তৈরীর সময় সরকারি বিধান মেনে করা প্রয়োজন …………….এস এম জাকারিয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া। তিনি তার বক্তব্যে বলেন, সুনাগরিকরা যেন নিজের বাড়ি তৈরী করার সময় একটু খেয়াল রেখে তৈরী করেন। বাসার সামনে গাড়ি প্রবেশ করার জায়গা যেন থাকে। কোনরূপ দুর্ঘটনার সময় যেন অন্তত এ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে। তিনি আরো বলেন, এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন নির্বাপক যন্ত্রের ব্যাপারে আমরা অনেকেই সচেতন নই। এইসব ব্যাপারে সাধারণ মানুষসহ ছাত্র-ছাত্রীদেরও সচেতন করতে হবে। প্রাকৃতিক কারণে অনেক দুর্যোগ হয়ে থাকে। আমাদের দেশের বেশিরভাগ সময়ে বন্যা হয়। আর এসব দুর্যোগ বা বন্যা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। অনেকসময় সরকার অনেক সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেসব সিদ্ধান্ত অবশ্যই নাগরিকদের কল্যাণের জন্যই করা হয়।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর (উত্তর) এর উপ-পরিচালক ফরিদ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুর্যোগ ও প্রশমন বিষয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দিবস উপলক্ষে আলোচনা সভার আগে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স চাঁদপুর আয়োজনে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রধান অতিথিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

১৪ অক্টোবর, ২০১৯।