শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে
…….মোহাম্মদ শওকত ওসমান
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার একটি পাঠ। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিতে হবে। তোমরা শিক্ষার্থীরা যখন কোন প্রতিযোগিতায় জয়ী হয় তা কিভাবে বরণ করে নেও, আবার যখন পরাজিত হও তা কিভাবে বরণ করে নেও। এখান থেকে যে শিক্ষাটা পাও তা তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। জীবনের প্রত্যেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোন কাজ সুন্দরভাবে করার জন্য মনতান্ত্রিক ব্যাপার রয়েছে। যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, পড়াশুনার সাথে সাথে নিয়মিত খেলাধুলা অনুশীলন করতে হবে। অনুশীলনের মাধ্যমে ভালোভাবে শেখা যায়। তেমনি সঠিক জ্ঞান অর্জন করার জন্য অনুশীলন করতে হবে। জানার জন্যই শিখতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও পড়াশুনা এই তিনটাকে ধারণ করে আগামি প্রজন্মকে তৈরি হতে হবে। যে কোন কাজ সফলভাবে করতে আত্মবিশ্বাস রাখতে হবে। তুমি পারবে এ ধরনের আত্মবিশ্বাস থাকলে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। যে কোন কাজ করতে মনের দিক থেকে জোর থাকতে হবে।
তিনি বলেন, আপনারা শিক্ষকরা চর্চা করে ক্লাসে আসবেন। তাহলে শিক্ষার্থীদের ভালো ভাবে উপস্থাপন করতে পারবেন। উপস্থাপনে যেন বৈচিত্র্য থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী যেভাবে শিখতে পারবে, তাদের সেভাবেই শিখাতে হবে। একজন শিক্ষক শতভাগ প্রস্তুতি নিয়ে ক্লাসে আসলে ৩০ ভাগ উপস্থাপন করতে পারবে। তাই শিক্ষার্থীদের শিখানোর ধরন পরিবর্তন করতে হবে। সর্বোপরি তোমাদের খেলাধুলা চর্চা করতে হবে। শরীরচর্চার মাধ্যমে মন ও দেহ সুস্থ থাকে। ছাত্র জীবন সংক্ষিপ্ত জীবন। তাই ছাত্রজীবনেই নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। সময় চলে যাবে, পরীক্ষা চলে আসবে। কিন্তু সময়ের গুরুত্ব না দেওয়াতে রেজাল্ট খারাপ হবে। তাই ভালোভাবে পড়তে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী ও চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, ফাহিমা জাহান, রাবেয়া বেগম, মো. লুৎফুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, বিপুল চন্দ্র নন্দী, মো. ফজলুল করিম খান, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সফিক কারী, সহকারী লাইব্রেরীয়ান মো. রবিউল আউয়াল খান, বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো. মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার, অভিভাবক মো. আব্দুল আজিজ মিজি।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ শওকত ওসমানসহ অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম মাও. আব্দুল হালিম গাজী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শাহ্তলী জিলানী চিশতী হাই স্কুলে পুরস্কার বিতরণ
