স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত ছিনতাইয়ের মামলায় ছিনতাইকারীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া নেতৃত্বে নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইসমাইল হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করেছে। আটক ছিনতাইকারীর গ্রামের বাড়ি মতলবের ছেঙ্গারচরে।
জানা যায়, গত বছরের ১৫ জুলাই সকাল সোয়া ৮টার দিকে কদমতলা এলাকার মানিকলাল মজুমদারের স্ত্রী অনিতা রানী মজুমদার সকালে হাটা-হাটি করে কদমতলা এলাকা দিয়ে নিজ বাসায় ফিরছিলেন। এমন সময় অচেনা দু’ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে অনিতা রানী মজুমদারের গতিরোধ করে দাঁড়ায়। মোটরসাইকেলে পেছনের ব্যক্তিটি অনিতা রানীর গলায় ছোরা ধরে। ছিনতাইকারীরা অনিতা রানী মজুমদারের গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই করে দ্রুত পলিয়ে যায়। অনিতার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া স্বর্ণ চেইনের আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। অনিতা মজুমদার পরিবারের সাথে আলোচনা করে মামলা দায়ের করেন ঘটনার ৫ দিন পর। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা থেকে ভিডিওচিত্র সংগ্রহ করে। গত বছরের ৯ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসামি মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভা আদরভিটা গ্রামের দেওয়ান বাড়ির ফজলুল হক দেওয়ানের ছেলে আল আমিনের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। গত শুক্রবার পুনরায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে হেলমেট উদ্ধার করে। ওই দিন রাত ১১টায় চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ইসমাইল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তা নিয়ে আটক আল আমিনেকে তার ছোট ভাই পারভেজের বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকান থেকে আটক করেন।
পুলিশ আরো জানায়, আটক ছিনতাইকারী আল আমিন আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
২০ ফেব্রুয়ারি, ২০২২।
