শোক দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর নাম ও ছবি না থাকায় সমালোচনার ঝড়
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে ব্যবহৃত ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। এমনকি ব্যানারে জাতির জনকের নামটি পর্যন্ত ব্যবহার করা হয়নি।
এছাড়া দিবসটি পালনে যে ব্যানারটি ব্যবহার করা হয়েছে সেই ব্যানারটি ছিল ৪১তম শাহদাৎবার্ষিকীর ব্যানার। যেখানে ‘৪১’ এর ১ কে ৪ বানিয়ে ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে ব্যবহার করা হয়েছে। শোক পালনে উপস্থিত ছিলেন না মাদরাসার অধ্যক্ষ আবু যোফর মো. আবু বকর সিদ্দিক ও উপাধ্যক্ষ মাও. নুরুল আমিন।
গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওহাটা ফাজিল মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের ব্যানারে এই ব্যবহার করতে দেখা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক হযরত আলী।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে এই ব্যানারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সর্ববৃহৎ বিদ্যাপিঠে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেয়া যায় না বলে তারা জানান।
বিষয়টি জানার জন্য গত বৃহস্পতিবার মাদরাসা কার্যালয়ে সরেজমিন পরিদর্শন গিয়ে দেখা যায়, মাদরাসাটি বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল আজহার ছুটি থাকাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও (ঈদের দিন ও ঈদের পরদিন ছাড়া) অফিস কার্যালয় খোলা রাখার নির্দেশনা রয়েছে। এ সময়ে রোস্টার অনুযায়ী একজন করে শিক্ষক দায়িত্ব পালন করবেন। অথচ এ ক্ষেত্রেও মাদরাসাটি সরকারি নির্দেশনা মানেনি।
পরে খোঁজ নিয়ে মাদরাসার অফিস সহকারী ইমরান হোসেন কাছে গিয়ে শোক দিবসের ছবিগুলো সংগ্রহ করা হয়। এছাড়া উপজেলা শিক্ষা অফিস থেকেও মাদরাসা থেকে ই-মেইলে পাঠানো ছবিগুলো সংগ্রহ করা হয়। সবগুলো ছবি এক ও অভিন্ন। সব ছবির মধ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম ও ছবি নেই এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ছবি নেই।
এছাড়া ব্যানারটি ৪১তম শাহদাৎবার্ষিকী অনুষ্ঠানের। যা সংশোধন করে পরবর্তীত বছরগুলোতে ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন না অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, এমনকি শিক্ষার্থীরাও। ছবিতে দেখা যায়, কয়েকজন শিক্ষক ও হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অথচ যাদের জন্য এই কর্মসূচির মূল উদ্দেশ্য সেই শিক্ষার্থীরা উপস্থিত ছিল না। এতে প্রতিয়মান হয় যে, মাদরাসা কর্তৃপক্ষ জাতির জনকের নাম ও ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার ছাড়াই প্রতিবছর দায়সারাভাবে শোক দিবস পালন করে থাকে।
বিষয়টি স্বীকার করে মাদরাসার সিনিয়র শিক্ষক শাহআলম জানান, ব্যানারটি কয়েক বছর আগের। এ বছর সংশোধন করে ব্যবহার করা হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান। অথচ ছবিতে তা (শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতির) প্রমাণ হয়নি।
মাদরাসার অধ্যক্ষ আবু জোফর মো. আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই দিন (১৫ আগস্ট) আমি অসুস্থ ছিলাম এবং ভাইস প্রিন্সিপালও অসুস্থ ছিলেন। তাই প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। ব্যানারে জাতির জনকের নাম ও ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি না থাকার বিষয়টির সত্যতা স্বীকার করে তিনি বলেন, ভুল হয়েছে। ভবিষ্যতে এমনটি হবে না।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতে মাদরাসা অফিস খোলা রাখা এবং ওই সময়ে রোস্টার অনুযায়ী শিক্ষকের দায়িত্ব পালন বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, সর্বোচ্চ বিদ্যাপিঠে এ ধরনের ভুল মেনে নেয়া যায় না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী দায়সারাভাবে উদযাপনের সুযোগ নেই। যাকে নিয়ে শোক, ব্যানারে যদি তার নাম, ছবি না থাকে, তাহলে শিক্ষার্থীরা কি শিখবে আর কি জানবে? এখানে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে নাই। সুতরাং দায়সারা প্রোগ্রাম আমাদের পরিহার করা উচিত। যারা এর সাথে জড়িত তাদের জবাবদিহীতার মধ্যে আনা হোক বলে তিনি জানান।
মাদরাসা পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও বাকিলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় উত্থাপন করা হবে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, বিষয়টি দুঃখজনক। অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষার সাথে তিনি এ বিষয়ে কথা বলবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ঘটনাটি আমার নজরে এসেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন বলেন, পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থা নেয়া হবে।
২৫ আগস্ট, ২০১৯।

