হাজীগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ৩৮৬ পিস ইয়াবাসহ আল-আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের খালেক মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী আল-আমিন ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া চারটার দিকে ওই ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় খালেক মেম্বারের বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে ৩৮৬ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করে থানার এএসআই গোলাম ছামদানী ও ধীমান বড়ুয়া।
পরে তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আদালত আটক আল-আমিনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলে, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। তিনি জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।
২৩ জুন, ২০২১।