
২ ঘণ্টা যান চলাচল বন্ধ
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। এ ঘটনায় অজ্ঞাত পথচারীসহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে ছাত্রলীগের দুই গ্রুপের (খোকন বলি ও রাব্বি) মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন রাতে কিউসি টাওয়ারের সামনে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির উপর হামলা করা হয়। এতে সে গুরুতর আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে খোকন বলির অনুসারীরা রাস্তায় নেমে আসে তারা বিক্ষোভ করে। পরে তারা একত্রিত হয়ে মেহেদী হাছান রাব্বিকে খুঁজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে, রাব্বির ইন্টারনেট (ব্রডব্যান্ড লাইন) ব্যবসা প্রতিষ্ঠানের সার্ভার রুমে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ওই প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয় বলে জানা গেছে।
এরপর রাব্বির বসতঘর মনে করে একই বাড়ির আল আমিন কাশারির ভবনে ব্যাপক ভাংচুর চালায় খোকন বলির অনুসারীরা। পরবর্তীতে রাব্বির অনুসারীরা একত্রিত হলে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চাঁদপুর-কুমিল্লা ও রামগঞ্জ-লক্ষ্মীপুর-কচুয়া-গৌরিপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীরা আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকেন। ব্যবসায়ীরা তাদের দোকান-ঘর বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দু’গ্রুপের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায়। এ সময় তাদের সাথে অতিরিক্ত পুলিশ যোগ দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত থাকায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন কাজী জানান, খোকন বলির উপর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বির নেতৃত্বে হামলা করা হয়। এতে সে গুরুতর আহত হয়।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি মুঠোফোনে জানান, আমার ছেলেদের (নেতাকর্মী) খোকন বলির লোকজন আগে মারধর করেছিল। এ ঘটনায় সন্ধ্যায় খোকনের সাথে কথা কাটাকাটি হয়। তার সূত্র ধরে খোকন বলির লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।
৩০ নভেম্বর, ২০১৯।
