হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত পিকআপ হেলপারের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল কাদের (১৭) নামের এক পিকআপের হেলপার মারা গেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দোয়াগন্ডা নামক এলাকায় আল-আরাফাহ পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল কাদের গুরুতর আহত হয়।
নিহত আব্দুল কাদের উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের তালুকদার বাড়ির হান্নান তালুকদারের বড় ছেলে। সে স্থানীয় আনোয়ার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় বাসের হেলপার ও পিকআপের চালক আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শখের বসে প্রতিবেশী পিকআপ চালক তুহিনের সহকারী হিসাবে যোগ দেয় আব্দুল কাদের।
বৃহস্পতিবার সকালে সিলিন্ডার গ্যাস নিয়ে রামগঞ্জ যাওয়ার পথে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দোয়াগন্ডা এলাকায় আল-আরাফাহ পরিবহনের সাথে পিকআপের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে পিকআপের চালক তুহিন ও হেলপার আব্দুল কাদের আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত কাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের মারা যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ও বাস থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

২৮ আগস্ট, ২০২০।