মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৫টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে দু’টি বসতঘর সম্পূর্ণরুপে বিধ্বস্ত এবং তিনটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের ৫টি পিলার ভেঙ্গে গেছে এবং বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। ঝড়ে বিভিন্ন এলাকায় কাঁচা (মাটি) ও ইটের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ উপড়ে গেছে। অনেকের বীজতলার ক্ষতি হয়েছে। গত রোববার বিকালে ঘূর্ণিঝড় বুলবুলের ঝড়ো হাওয়ায় এসব দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জানা গেছে, এদিন বিকালে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের আটিয়া বাড়ির ইসমাঈল হোসেনের বসতঘর ও উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামের শাহজাহানের বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া হাটিলা পূর্ব ইউনিয়নের জামাল হোসেন ও টিপু সুলতান এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের দেওদ্রোন গ্রামের জাহাঙ্গীরের বসতঘরের আংশিক গ্রতিগ্রস্ত হয়।
একই সময়ে বুলবুলের ঝড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের ৫টি পিলার ভেঙ্গে গেছে এবং বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের (ক্যাবল) উপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় সূত্রে জানা গেছে। তবে বসতঘর বিধ্বস্ত ও বিদ্যুতের পিলার এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিনের ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বুলবুলের আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা (মাটি) সড়ক ও ইটের তৈরি সড়ক এবং অনেক কৃষকের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল করিম দিপু। তিনি বলেন, নিয়ম অনুযায়ী এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আনোয়ারুল আজিম বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে হতাহতের খবর নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এ ঘটনায় কেউ চিকিৎসা নিতে আসেনি।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. কেফায়েত উল্যাহ্ জানান, বুলবুলের আঘাতে ৫টি পিলার ভেঙ্গে গেছে এবং বেশ কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পিলার ও বিদ্যুৎ সংযোগ আজ (সোমবার) বিকালের মধ্যেই মেরামত কাজ সম্পন্ন হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দুটি কাঁচাঘর (বসতঘর) সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
