হাজীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনা রফাদফা

জীবনের মূল্য ৫৫ হাজার টাকা!

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হাসপাতালে ডা. মো. রাইসুল ইসলাম রুবেলের ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে ৫৫ হাজার টাকা দিয়ে রফাদফার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তোলপাড়। তবে টাকার বিষয়টি অস্বীকার করে বিষয়টি নিয়ে গত রোববার (১০ এপ্রিল) সমঝোতা হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় কোনো অভিযোগ নেই উল্লেখ করে নিহতের পরিবারের পক্ষ থেকে হাসপাতালে লিখিত দেওয়া হয়েছে। গত বুধবার (৫ এপ্রিল) রোজিনা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বার অপারেশন করা অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ৩১ মার্চ (শুক্রবার) হাজীগঞ্জ বাজারস্থ ইসলামিয়া মডার্ন হাসপাতালে তাকে সিজার করানো হয়।
ওই সময়ে সিজারিয়ান অপারেশনে রোজিনা আক্তারের জরায়ু কেটে কনডম দিয়ে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ফজর আলী বেপারি বাড়ির ওমান প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের খান বাড়ির হাসান খাঁনের মেয়ে।
এ ঘটনায় দৈনিক ইল্শেপাড়সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাঁদপুরের সিভিল সার্জনের নির্দেশক্রমে গঠিত ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি রোববার (৯ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তদন্ত কমিটির প্রধান ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। এরপরই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে।
গতকাল সোমবার (১০ এপ্রিল) দুপুরে রোজিনার জাতীয় পরিচয়পত্র নিয়ে মৃত্যুসনদ নিতে বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন নিহতের দেবর সিএনজিচালিত স্কুটারের চালক মো. শরীফ হোসেন। এসময় তিনি বলেন, শুনেছি গতকাল (রোববার) এ বিষয়ে সমাধান হয়েছে। টাকার পরিমাণ চাইলে তিনি জানান, এটা তারা (রোজিনার বাবার পরিবার) জানে। এছাড়া মো. ইউসুফ নামের নিহতের অপর এক স্বজন সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন।
একই বিষয়ে ইসলামিয়া মডার্ন হাসপাতালের পরিচালক মাও. মো. রফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, গত রোববার নিহতের পরিবার এসে লিখিত দিয়ে গেছে। এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। ৫৫ হাজার টাকায় রফাদফার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।
হাজীগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার সংবাদকর্মীদের বলেন, আমি অসুস্থ। তাই তাদের বসার (সমঝোতা) বিষয়টি আমার জানা নেই।
এদিকে ইসলামিয়া মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিহত রোজিনার পরিবারের সাথে ৫৫ হাজার টাকায় দফারফা হয়েছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে। এর মধ্যে সোহাগ চমক পাটোয়ারী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হসপিটালে ডাক্তার নামক কসাইর ভুল চিকিৎসায় মৃত প্রসূতির পরিবারের সাথে ৫৫ হাজার টাকায় সমঝোতা।
শাখাওয়াত হোসেন শামীম নামের একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, চাঁদপুরের হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির মৃত্যুর ঘটনায় ৫৫ হাজার টাকায় সমঝোতা! আরিফ প্রেস নামের একজন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘মৃতব্যক্তির লোকদের সাথে ইসলামিয়া মডার্ন হাসপাতালের ৫৫ হাজার টাকার সমঝোতায়!’ এবং প্রিয় চাঁদপুর নামের একটি ফেসবুক লাইক ফেজের স্ট্যাটাসে দেখা গেছে ‘কনডম দিয়ে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হসপিটাল কর্তৃপক্ষের ৫৫ হাজার টাকায় রফাদফা!!’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, বিষয়টি আমরা শুনে আজকে (রোববার) তদন্ত শুরু করেছি। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

১১ এপ্রিল, ২০২৩।