হাজীগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক বিএম কলিমুল্লাহর দাফন সম্পন্ন

সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ বিভিন্ন মহলের শোক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠকসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা বিএম কলিমুল্লাহর (১০৬) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে বড়কুল পশ্চিম ইউনিয়নের গোপালখোঁড় গ্রামের ভূঁইয়া বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বাদজুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মরহুম বিএম কলিমুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মুফতি আব্দুর রউফ। নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনারে সালাম প্রদর্শন করেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তসঙ্গীয় ফোর্স। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, রোটারী ক্লাব, প্রচেষ্টা ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুম বিএম কলিমুল্লাহর কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিএম কলিমুল্লাহ। সবশেষ তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৯ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিএম কলিমুল্লাহর জানাজায় অংশগ্রহণ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, স্বতন্ত্র প্রার্থী ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন।
শোক প্রকাশ করেনÑ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, আবু তাহের, মো. মজিবুর রহমান, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী রোটা. রুহিদাস বণিক, বিএনপি নেতা মো. আবুল বাসার প্রমুখ।
এছাড়া বিএম কলিমুল্লাহর মৃত্যুতে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহাম্মদ খসরুসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

০৬ জানুয়ারি, ২০২৪।