মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে মাত্র ৫শ’ ফুট পাইপের জন্য তিন গ্রামের প্রায় ১শ’ একর কৃষি জমির চাষাবাদ হুমকির মুখে পড়বে বলে আশংকা করেছেন ইউনিয়নের সন্না, ফুলছোঁয়া ও খলাপাড়া গ্রামের কৃষকরা। ইতোমধ্যে বীজতলার কাজ শুরু হলেও পাইপের অভাবে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ার আশংকা করছেন তারা।
জানা গেছে, ইউনিয়নের সন্না, ফুলছোঁয়া ও খলাপাড়া এই তিনটি গ্রামে প্রায় ১শ’ একর কৃষি জমি নিয়ে ইরিগেশন স্কীম রয়েছে। ওই স্কীমে চলতি বছর বীজতলার কাজ শুরু করেছেন কৃষকরা। জমিতে বীজতলা ও চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ আবশ্যক। কিন্তু পানি সরবরাহে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ৫শ’ ফুট।
এই ৫শ’ ফুট পাইপ না হলে চাষাবাদ ব্যহতসহ ওই স্কীমের বেশিরভাগ জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যেতে পারে। তাই, প্রয়োজনীয় ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে ৫শ’ ফুট পাইপের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন স্কীম ম্যানেজার তাজুল ইসলাম। বিষয়টি তিনি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই স্কীমের মাধ্যমে তিন গ্রামের মাঠে চাষাবাদ হয়ে থাকে। কিন্তু এবছর পর্যাপ্ত পানির অভাবে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। তাই বেশ কয়েকদিন আগে ইউএনও, বিএডিসি ও কৃষি কর্মকর্তার কাছে ৫শ’ ফুট পাইপের জন্য আবেদন করেছি। সরকারিভাবে পাইপের ব্যবস্থা হলে স্কীমটি প্রাণ ফিরে পাবে।
এ বিষয়ে কৃষক আবুল খায়ের, সফিক, হাসেম সংবাদকর্মীদের জানান, পর্যাপ্ত পানি না থাকার কারণে গত কয়েক বছর ধরে অনেকেই চাষাবাদ বন্ধ করে দিয়েছেন। এবছর স্কীম ম্যানেজার তাজুল ইসলাম আমাদের বলেছেন, পানির ব্যবস্থা হবে। তাই, কৃষকরা চাষাবাদে আগ্রহী হচ্ছেন। কিন্তু সময়মতো পানি না পেলে চাষাবাদ করা যাবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, নবাগত ইউএনও হওয়ায় বিষয়টি আমার নজরে আসেনি। এখন যেহেতু আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।
০১ জানুয়ারি, ২০২৪।
