আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাসের দাবিতে জেলা প্রশাসকের কাছে আইনজীবী সহকারীদের স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি
দেশের সব আইনজীবী সহকারীদের জন্য খসড়া প্রণিত আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাসের দাবিতে চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি গত ১০ জানুয়ারি সকাল ১১টায় একযোগে দেশের ৬৪টি জেলা মানববন্ধন ও স্ব-স্ব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এ দিন সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহজাহান হোসেন পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি শাহআলম মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাকারিয়া মিয়া, কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক কাইয়ুম খান, মিজানুর রহমান মৃধা, হারুনুর রশিদ, নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি রাজিব সাহা, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, মজিফুল ইসলাম (২), মো. মমিনসহ জেলা আইনজীবী সহকারী সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
মানববন্ধন কর্মসূচি শেষে সভাপতি মো. শাহজাহান হোসেন পাঠানের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের কার্যালয়ে দেখা করে স্ব-হস্তে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক নেতৃবৃন্দকে বলেন, আপনাদের এ স্মারকলিপি দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করা হবে।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ১৯৮৬ সাল থেকে দেশের ৭৯টি বার সমিতির অধীনে লক্ষাধিক আইনজীবী সহকারী কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আইনজীবী সহকারীরা দেশের গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর একটি অংশ। সুপ্রাচীনকাল থেকে তারা আদালত অঙ্গন ও সমাজকল্যাণে গণমুখী কাজ করে আসছেন। তাই তাদের স্বার্থ রক্ষায় আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাস করা খুবই প্রয়োজন।
তারা উল্লেখ করেন এ বিষয়ে তারা মহাসম্মেলন, জেলা সম্মেলন, সাংবাদিক সম্মেলন, বিভাগীয় সম্মেলন, সেমিনার ও মানববন্ধনের মাধ্যমে সকাল মহল থেকে আইন প্রণয়নের দাবির প্রতি সমর্থন আদায় করেছেন। মন্ত্রী এ খসড়া প্রণিত আইনটি বিল আকারে প্রস্তুত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের মতামত আহ্বান করেন। উক্ত বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আইন পাসের পক্ষে লিখিত মতামত বাংলাদেশ বার কাউন্সিলে প্রণয়ন করেন। এ আইনটি দ্রুত পাসের জন্য আইনজীবী সহকারী সমিতি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।