ওটারচর উবিতে মিলাদ দোয়া ও আলোচনা সভা

শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাগ্রহণ করতে হবে….. মো. মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষাগ্রহণ করলেই হবে না, তাদের যুগোপযোগী শিক্ষাগ্রহণ করতে হবে। তাহলেই দেশ-বিদেশ সব জায়গাই তারা জ্ঞান কাজে লাগাতে পারবে।
মিজানুর রহমান বলেন, শিক্ষা গ্রহণ করে তা অন্যায়-অপরাধমূলক কাজে ব্যবহার করা যাবে না। লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার পাশাপাশি ন্যায়পরায়ণ হতে হবে।
তিনি বলেন, মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়াও একটি জাতি উন্নতি ও সমৃদ্ধির শিখরে দাঁড়াতে পারে না। বিশ্বের বুকে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। শিক্ষা ছাড়া একটি রাষ্ট্রের সুষম উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে শুধু এর শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিলেই চলে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখব একটি জাতিকে ধূলিসাৎ প্রকল্পে শিক্ষার উপরই আক্রমণ হয়েছে সবার আগে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অনেক বড় বড় যুদ্ধে বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে যেন সে জাতির শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে না হতে পারে।
মিজানুর রহমান সব শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেন গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনত প্রার্থী মো. শহদ উল্লাহ প্রধানকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সবার বাবা-মাকে বলার জন্য।
প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান।
ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মো. আবুল কালাম আজাদ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম, ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল আমিন, শিক্ষক ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন। মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হেড মাওলানা আমিনুল হক সরকার।

১৫ নভেম্বর, ২০২১।