কচুয়া ব্যুরো
কচুয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী আব্দুল মালেক সবুজ (৩০) নামে একজন নিহত হয়েছেন ও ফরহাদ নামে একজন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী জহির ও কামরুল জানায়, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় ঢাকা থেকে আসা টিসিবি (জরুরি খাদ্যপণ্য সরবরাহ) মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী দৈনিক সরেজমিন লেখা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনের চাকার ধাক্কায় দুই আরোহীসহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। পরে দুইজনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডা. নাজমুল আহসান সবুজকে মৃত ঘোষণা করে। অপর গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
৩০ আগস্ট, ২০২২।
