চাঁদপুরে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

 

এস এম সোহেল
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা এবং মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালিত হয়। সকল দোয়া অনুষ্ঠানে বিশ্বব্যাপী আতঙ্ক করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, চাঁদপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা, সকল সরকারি-বেসরকারি, সব শিক্ষা প্রতিষ্ঠানে ও জেলা-উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় স্ব-স্ব বিভাগীয় ও প্রতিষ্ঠানসমূহে সীমিত পরিসরে কেক কাটা ও মিষ্টান্ন বিতরণ করা হয়। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিনব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মিস্টান্ন ও খাবার বিতরণ করেন জেলা প্রশাসন। দুপুর ১টায় হাসপাতালে উন্নতমানের খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়। দিনব্যাপী চাঁদপুর লঞ্চঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ভিডিও ক্লিপ ও ফুটেজ প্রচার করা হয়। দিনব্যাপী রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সিভিল সার্জনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ও মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলার সব ক্লিনিকে ২০% হারে ছাড়ে দিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়। চাঁদপুর ও মতলব সেতু টোল ফ্রি করা হয়। ১৭ মার্চের ভোরে প্রথম ভূমিষ্ঠ হওয়া শিশুর জন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকীতে উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্য নেতা-কর্মীরা। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দুপুর দেড়টায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ আছর বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্য প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়।
এদিকে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির শহরস্থ কদমতলা বাসভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর শহরে প্রবেশদ্বার বাবুরহাটে জেলা পরিষদের অর্থায়নে দৃর্ষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু গেট’ তোরণের উদ্বোধন করা হয়। পরে উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহীম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধ হানিফ পাটওয়ারী, এনএসআইর উপ পরিচালক শাহ অরমান আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।
বিকেলে শহরের নিশি বিল্ডিং এলাকায় চাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহীম, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ।
সভা শেষে জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের শাশুড়ির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান।
সবশেষে রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমপির বাসভবনে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা হয়।
১৮ মার্চ, ২০২১।