মানিক দাস
শরীয়তপুর জেলার নরসিংহপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় দুই পথচারী হতাহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) রাত প্রায় ৯টায় শরীয়তপুর জেলার সখিপুর থানার বালার বাজারের নরসিংহপুর গ্রামে। সেখান থেকে রাত ১০টার দিকে তাদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
সড়ক দুর্ঘটনায় নিহত রহিম শেখের শ্যালক সুলতান দিদার জানান, শেখ বাড়ির মৃত হাজী রহিম শেখের ছেলে রুহুল আমিন শেখ (৬০) ও পাশের গাজী বাড়ির মৃত আমির হোসেন গাজীর ছেলে কালু গাজী (৭০) স্থানীয় মসজিদে শনিবার রাতে এশার নামাজ আদায় করে রাস্তা পার হয়ে চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের দু’জনকে চাপা দেয়। এতে রুহুল আমিন শেখ ও কালু গাজী মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় ও পরিবারের লোকজন তাদের সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন শেখকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত কালু গাজীকে ঢাকায় রেফার করা হয়।
২৫ মে, ২০২৫।
